গ্রামে প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের গ্রামীণ এলাকায় প্রকৃত অর্থে কোনো লোডশেডিং নেই। তার মতে, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি (ফল্ট) দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তবে ত্রুটি সারানোর পর দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সম্প্রতি যে লোডশেডিংয়ের পরিস্থিতি দেখা গিয়েছিল, তা মূলত তেলের সংকটের কারণে নয়, বরং যান্ত্রিক ত্রুটির ফলেই সৃষ্টি হয়েছিল। তেলের অভাবে লোডশেডিং হয়—এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে।
এছাড়া, সোলার প্যানেলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে ডিসি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকেরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান বিদ্যুৎমন্ত্রী।
বিজ্ঞাপন








