চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভে উত্তেজনা

চট্টগ্রামে একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (৬ মে) সকালে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
বিজ্ঞাপন
‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক আমানতকারী। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে গ্রাহকেরা ব্যাংকিং খাতে চলমান সংকট ও আমানত ফেরত না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে ব্যাংকগুলোতে জমা রাখা অর্থ উত্তোলনে নানা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। প্রয়োজনের সময় নিজেদের সঞ্চিত টাকা ব্যবহার করতে না পেরে তারা ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়িক জীবনে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বিজ্ঞাপন
অনেক আমানতকারী জানান, সামনে ঈদুল আজহা থাকায় পারিবারিক ব্যয়, কোরবানির প্রস্তুতি এবং অন্যান্য আর্থিক পরিকল্পনা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। নিজেদের কষ্টার্জিত অর্থ হাতে না পাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিক্ষোভ চলাকালে আমানতকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানতের টাকা নিয়ে হয়রানি বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, আমানতের টাকা ফেরত দেওয়ার বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
প্রবাস জীবন শেষে দেশে ফেরা এক আমানতকারী হেফাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৫ বছর বিদেশে পরিশ্রম করে উপার্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছিলেন নিরাপত্তার কথা ভেবে। কিন্তু এখন সেই অর্থ তুলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তার অভিযোগ, পুরো টাকা না দিয়ে অল্প অল্প করে অর্থ দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা বলেন, গ্রাহকদের আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উত্তোলনের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে দিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানান তারা।
তাদের মতে, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় ব্যাংককে জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
জানা গেছে, তারল্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক বর্তমানে একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় রয়েছে। এই প্রক্রিয়াকে ঘিরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।
বিজ্ঞাপন
এর আগে গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন ব্যাংক শাখার সামনে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং কিছু ক্ষেত্রে ব্যাংক শাখায় তালা দেওয়ার ঘটনাও ঘটেছে।
এদিনের কর্মসূচিতে একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অগ্রযাত্রা ঠেকাতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যায়।
বিজ্ঞাপন
আমানতকারীদের দাবি, তাদের ন্যায্য অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা।








