Logo

এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ করল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৫:৪৯
এনআইডিতে ‘অ্যাডভোকেট’ পদবি চাইলেন হুইপ দুলু, নাকচ করল ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নামের সঙ্গে পেশাগত পরিচয় ‘অ্যাডভোকেট’ শব্দটি যুক্ত করতে চেয়েছিলেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে বিদ্যমান আইন ও বিধানগত সীমাবদ্ধতার কারণে তার এই আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) এনআইডি অনুবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, দুলু তার নাম সংশোধনের আবেদন করে এনআইডিতে পেশাগত পরিচয় হিসেবে ‘অ্যাডভোকেট’ যুক্ত করার অনুরোধ করেছিলেন। কিন্তু প্রাথমিক যাচাই-বাছাইয়ে কমিশন দেখতে পায়, অর্জিত কোনো উপাধি বা পেশাগত পরিচয় মূল নামের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ বর্তমান আইনে নেই। ফলে আবেদনটি সরাসরি নাকচ করা হয়।

পরে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি পুনর্বিবেচনার জন্য আবারও আবেদন করেন। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো তাদের অবস্থান পরিবর্তন করেনি এবং আগের সিদ্ধান্তই বহাল রেখেছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ইসির কর্মকর্তারা জানান, এনআইডিতে নামের সঙ্গে উপাধি যুক্ত করার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। শুধুমাত্র উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে বিচারপতিদের ক্ষেত্রে কিছু বিশেষ উপাধি ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

তারা আরও ব্যাখ্যা করেন, ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী ‘ড.’, ‘প্রফেসর’, ‘হাজি’, ‘আলহাজ’ বা ‘অ্যাডভোকেট’-এর মতো শিক্ষাগত, ধর্মীয় বা পেশাগত উপাধি নামের অংশ হিসেবে যুক্ত করার কোনো আইনি সুযোগ নেই। এই বিধান অনুসরণ করেই হুইপ দুলুর আবেদনটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD