Logo

চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৮:৪৯
চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

আগামী মে মাসে চাঁদপুর ও ফেনী জেলা সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন তিনি। এই সফরে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই খাল খনন কর্মসূচি এগিয়ে নিতে সরকার গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবেই সংশ্লিষ্ট জেলাগুলোতে সরেজমিন কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, সরকার সারাদেশে পাঁচ বছর মেয়াদি একটি বৃহৎ খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে, যার আওতায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় এই কর্মসূচির উদ্বোধন হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ অঞ্চলে কাজ এগিয়ে নিচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্ষাকাল ঘনিয়ে আসায় চলতি মে মাস পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর বর্ষা শেষে আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে পুনরায় খাল খনন কার্যক্রম জোরদার করা হবে।

সকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলেও জানান তিনি। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD