Logo

র‍্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকার বেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৭:৪৯
র‍্যাবের জন্য কেনা হচ্ছে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকার বেশি
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ১৬৩টি নতুন যানবাহন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব যানবাহনের মধ্যে রয়েছে ৩টি জিপ, ১০০টি টহল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি টাকার বেশি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সরকারি সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন র‍্যাবের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার যানবাহন কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।

বিজ্ঞাপন

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা হবে।

জানা গেছে, এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে প্রকল্পটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এদিকে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী গত ৫ এপ্রিল সব ধরনের সরকারি যানবাহন ক্রয় স্থগিত থাকলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও র‍্যাবের কার্যক্ষমতা বিবেচনায় বিশেষ অনুমোদনের মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়।

বিজ্ঞাপন

প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেকে অনুমোদিত হয়। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চলতি আরএডিপিতে এ প্রকল্পের জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সরকারের মতে, নতুন যানবাহন সংযোজনের মাধ্যমে র‍্যাবের টহল, অভিযান এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা আরও বাড়বে, যা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD