৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আগামী ৭ জুন (রবিবার) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এই অধিবেশনেই মূলত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন এবং তা নিয়ে আলোচনা শেষে অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির নির্দেশনার পর সংসদ সচিবালয় অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনে নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।
এছাড়া সংসদ সচিবালয়ের উপসচিব শওকত আকবরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে সংশ্লিষ্ট গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ অধিবেশন সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিভিন্ন সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যমে প্রচারের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও আলোচনার জন্য সংসদে যে বিশেষ অধিবেশন বসে, সেটিই বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক নীতি ও অগ্রাধিকার খাতসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা।
বিশ্লেষকদের মতে, এবারের বাজেট অধিবেশন দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন অর্থবছরের বাজেটে উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক খাতকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে।








