টানা তিন দফায় মূল্য বৃদ্ধির পর এবার কমল জেট ফুয়েলের দাম

টানা তিন দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে কমেছে প্রায় ২২ টাকা।
বিজ্ঞাপন
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্যহার বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
বিজ্ঞাপন
চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বাড়িয়ে তা ৯৫ টাকা ১২ পয়সা করা হয়।
তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে দ্রুত বাড়তে থাকে জেট ফুয়েলের দাম। মার্চে প্রথম দফায় দাম বেড়ে দাঁড়ায় ১১২ টাকা ৪১ পয়সায়।
পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হওয়ায় ২৪ মার্চ দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে করা হয় ২০২ টাকা ২৯ পয়সা। এরপর এপ্রিলে আবারও মূল্য বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্তে বিমান পরিচালনা ব্যয়ে কিছুটা স্বস্তি ফিরতে পারে।








