আগামী ৫ বছরে ২০ হাজার কিমি খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং জনগণের স্বার্থে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনযোগ্য একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখননকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণের সুবিধা ও স্বার্থ বিবেচনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মতে, বর্তমান সরকারের নেতৃত্বে ইতোমধ্যেই উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকার গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই সারা দেশে উন্নয়ন কর্মকাণ্ডে একটি নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে এবং এর সুফল সরাসরি জনগণ পাবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরের মধ্যে একটি স্বনির্ভর ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।








