রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রাজধানীর সড়ক ব্যবস্থাপনা, যানজটের কারণ, গণপরিবহন ব্যবস্থার সমন্বয় এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর ক্রমবর্ধমান যানবাহনের চাপ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা গ্রহণ, সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিকল্প পরিবহন ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো সভায় গুরুত্ব পায়।
উল্লেখ্য, ঢাকার যানজট সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল দ্বিতীয় বৈঠক। এর আগে অনুষ্ঠিত সভায়ও রাজধানীর পরিবহন খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়েছিল।








