Logo

ঢাকা মহানগরী ও জেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৭৩২৮ আনসার সদস্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর, ২০২৬, ১৮:৩৮
ঢাকা মহানগরী ও জেলায় দুর্গাপূজার নিরাপত্তায় ৭৩২৮ আনসার সদস্য
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা–২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ঢাকা জেলা ও মহানগরীর ১ হাজার ১২৬টি পূজামণ্ডপে ৭ হাজার ৩২৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উৎসব ঘিরে নিরাপত্তা জোরদারে ছয়টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখাসহ নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

বিজ্ঞাপন

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ৮৬৬টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৫ হাজার ৫৩২ জন আনসার-ভিডিপি সদস্য। অন্যদিকে, ঢাকা মহানগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম জোনের ২৬০টি পূজামণ্ডপে মোতায়েন থাকবেন ১ হাজার ৭৯৬ জন সদস্য।

পূজামণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে নিরাপত্তার প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। নারী দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ চলাচলে সহায়তার জন্য প্রতিটি পূজামণ্ডপে দুজন করে নারী আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় ছয়টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে এসব দল সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

নিরাপত্তা কার্যক্রম তদারক, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের জন্য ঢাকা জেলা পর্যায়ে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলা ও থানা পর্যায়েও নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে।

দায়িত্ব পালনের আগে সদস্যদের প্রস্তুত করতে প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়েছে। এসব ব্রিফিংয়ে দায়িত্ব ও কর্তব্য, করণীয় ও বর্জনীয়, শৃঙ্খলা, সতর্কতা, দর্শনার্থীদের সঙ্গে আচরণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে দুজন আনসার-ভিডিপি সদস্যকে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের এন্ড ইউজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, নিরাপত্তাজনিত সমস্যা বা জরুরি পরিস্থিতি দেখা দিলে তাঁরা অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাঠাবেন। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারিত পূজামণ্ডপগুলোতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের কথা রয়েছে। এ সময় স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখবেন তাঁরা।

ঢাকা জেলার জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, বিভিএমএস (বার) জানান, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জনবল মোতায়েনের পাশাপাশি নারী সদস্যদের অংশগ্রহণ, ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম, নিয়ন্ত্রণকক্ষ এবং প্রযুক্তিনির্ভর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে নিয়োজিত সবাইকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা এবং ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে বাহিনীটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD