পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে পূজামণ্ডপের নিরাপত্তা প্রস্তুতি ও মাঠপর্যায়ে সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্বে থাকা আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক। নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
মহাপরিচালক জানান, এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য আদান-প্রদান এবং দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া সহজ হবে।
যেকোনো ধরনের নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে দুই লক্ষাধিক প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নির্ধারিত জনবল নিয়োজিত রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের ১০৪টি স্ট্রাইকিং টিম টহলে থাকবে।
বাহিনীর মহাপরিচালক বলেন, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা প্রয়োজন। জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল নজরদারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার-ভিডিপি সদস্যরা। যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামোয় ৬০ লাখেরও বেশি সদস্য রয়েছেন। বাহিনীটি আশা করছে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পূজা উদযাপন কমিটি ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্য-সদস্যারা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানানো হয়েছে।








