Logo

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ২০:০২
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তুষ্ট সংসদীয় কমিটির
ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে এ মূল্যায়ন করা হয়েছে। পরিস্থিতির উন্নতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।

বৈঠকে ২০২৫ ও ২০২৬ সালের প্রথম নয় মাসের অপরাধের পরিসংখ্যানের পাশাপাশি দুই বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের তথ্যও পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিসংখ্যানে ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, অস্ত্র ও বিস্ফোরকসংক্রান্ত অপরাধ, মাদকদ্রব্য, চোরাচালান এবং পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের চিত্র অন্তর্ভুক্ত ছিল।

বৈঠকে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্যের অপব্যবহার, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপও আলোচনায় স্থান পায়। সাইবার অপরাধ দমনে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠনের উদ্যোগসহ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করা হয়।

ঢাকায় সাম্প্রতিক সময়ে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান কমিটির সদস্য মো. নূরুল ইসলাম। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং এ বিষয়ে অগ্রগতির তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির সদস্য মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা ও মো. আব্দুল বাতেনসহ অন্য সদস্যরা।

বিজ্ঞাপন

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

কমিটির মূল্যায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র উঠে এলেও অপরাধের ধরনভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ ও ধারাবাহিক পর্যবেক্ষণ পরিস্থিতির প্রকৃত অগ্রগতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD