বরুড়ার পথসভায় তারেক রহমান, মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

কুমিল্লার বরুড়ায় আয়োজিত পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ১টা ২০ মিনিটে তিনি উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিজ্ঞাপন
সভাস্থলে পৌঁছে মঞ্চে ওঠার পর হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান তারেক রহমান। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মীও স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখতে পেরে অনেকের মাঝেই উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর আগে এই একই মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এছাড়া ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একে এম আবু তাহেরের আমন্ত্রণে তিনি এই মাঠে এসেছিলেন।
বিজ্ঞাপন
দীর্ঘ বিরতির পর আবারও বরুড়ায় তার আগমনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। মাঠের আশপাশে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
পথসভায় সভাপতিত্ব করছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত রয়েছেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, পথসভাকে ঘিরে বরুড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ আয়োজন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে।








