ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। আসন্ন জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য অনেক বেশি বরাদ্দ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় বিএনপি এই পথসভার আয়োজন করে।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, সেটি বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জানান, কুমিল্লার এই এলাকার বাসিন্দারাও পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামী জুন মাসে ঘোষিত হতে যাওয়া বাজেটে এ কর্মসূচির জন্য বড় ধরনের বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া।
জনগণের ভোট ও সমর্থনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আস্থা ও বিশ্বাস থেকে বিএনপিকে নির্বাচনে বিজয়ী করেছে। জনগণের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে সরকার প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
বিজ্ঞাপন
সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তার ভাষায়, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে যেসব উদ্যোগ প্রয়োজন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করে যাচ্ছে এবং একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সরকার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।








