Logo

সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে রাষ্ট্র ও সমাজ মেরামত করতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১৪:০৯
সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে রাষ্ট্র ও সমাজ মেরামত করতে হবে
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হলে সকল দেশপ্রেমিককে সাথে নিয়ে কাজ করতে হবে এবং প্রতিটি ধাপে সম্মিলিতভাবে করণীয় নির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দুপুরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জহিরুল ইসলাম কচি। এছাড়া বক্তব্য দেন মোহাম্মদ নূরউল্লাহ।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ৫৫ বছরের পথচলায় বাংলাদেশ যেমন অনেক সাফল্য ও গৌরবের সাক্ষী হয়েছে, তেমনি নানা সংকট ও দুর্যোগও অতিক্রম করেছে। এই দীর্ঘ অভিজ্ঞতা জাতিকে আরও সচেতন ও প্রজ্ঞাবান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তার ভাষায়, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যেমন জনগণ প্রত্যক্ষ করেছে, তেমনি বিভিন্ন সংকটময় সময়ও খুব কাছ থেকে দেখেছে। এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব বলে তিনি মনে করেন।

চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রশিল্পে সৃজনশীল ও সচেতন মানুষের সম্পৃক্ততা রাষ্ট্রের জন্য ইতিবাচক বিষয়।

তিনি আক্ষেপ করে বলেন, দেশের চলচ্চিত্র অঙ্গনকে যে পরিমাণ পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন ছিল, তা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, শুধু বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। সম্মেলনের মাধ্যমে যে নতুন কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি হবে, সেটিকে বৃহত্তর সামাজিক পরিবর্তনের আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া চলচ্চিত্রকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উদ্দেশে তথ্যমন্ত্রী আরও বলেন, শিল্প-সংস্কৃতি মানুষের চিন্তা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD