ঈদযাত্রার ট্রেন টিকিটে তুমুল চাপ, আধঘণ্টায় ১ কোটি ২৭ লাখ হিট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনেও ব্যাপক চাপ দেখা গেছে বাংলাদেশ রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্মে। পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে এক কোটি ২৭ লাখ হিট রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের অধিকাংশ ট্রেনের টিকিট দ্রুত শেষ হয়ে যায়।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে ২৬ মে’র যাত্রার জন্য পশ্চিমাঞ্চলগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের বাড়তি চাপের কারণে শুরু থেকেই টিকিট সংগ্রহে যাত্রীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়।
রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধঘণ্টাতেই অনলাইন প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশের চেষ্টা করেন। এতে ওয়েবসাইট ও অ্যাপে এক কোটি ২৭ লাখ হিট পড়ে।
বিজ্ঞাপন
রেলওয়ের তথ্যমতে, আগামী ২৬ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩২ হাজার ৭২৯টি। আর সারা দেশের ট্রেন মিলিয়ে মোট আসন রয়েছে এক লাখ ৭৪ হাজার ২৬৬টি।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৫ হাজার ৪৫১টি আসনের টিকিট বিক্রি হয়ে যায়। একই সময়ে সারাদেশে বিক্রি হয় ২৪ হাজার ২৯৩টি আসন।
দুপুরের আগেই জনপ্রিয় বিভিন্ন রুটের টিকিট পুরোপুরি শেষ হয়ে যায়। রেলওয়ের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ঘুরে দেখা গেছে, ঢাকা-রাজশাহী রুটের পাঁচটি ট্রেনের সব আসন বিক্রি হয়ে গেছে। একইভাবে ঢাকা-পঞ্চগড় রুটের তিনটি, ঢাকা-কুড়িগ্রাম রুটের দুটি, ঢাকা-দিনাজপুর রুটের তিনটি এবং ঢাকা-খুলনা রুটের তিনটি ট্রেনের টিকিটও শেষ হয়ে যায়।
বিজ্ঞাপন
রেলওয়ে জানিয়েছে, যাত্রীসেবাকে সহজ ও স্বচ্ছ করতে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে ট্রেনের শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে এখন যাত্রীদের স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে না, যদিও ঈদযাত্রার সময় অতিরিক্ত চাপের কারণে অনেকে টিকিট পেতে ভোগান্তির মুখেও পড়ছেন।
আজ দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে দুপুরের পরও অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক চাপ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করছে রেলওয়ে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়। আগামী ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
তবে যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ শ্রেণির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিট বিক্রির তারিখ ও সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।








