Logo

জনদাবি উঠলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৬ মে, ২০২৬, ১৫:২১
জনদাবি উঠলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের পক্ষ থেকে জোরালোভাবে উঠলে তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। ধাপে ধাপে সব অঙ্গীকার পূরণ করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি খাল পুনঃখনন কার্যক্রম এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ইমাম ও মোয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের হাতে কার্ড তুলে দেওয়া শুরু হয়েছে। কুমিল্লা অঞ্চলের বাসিন্দারাও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আসবেন।

আসন্ন বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আগামী জুন মাসে ঘোষিত বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে, যাতে আরও বেশি পরিবারকে এর আওতায় আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে সরকারের সমালোচনা করলে বিরোধীদের বিরুদ্ধে গুম, মামলা ও দমন-পীড়নের ঘটনা ঘটত। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে।

তিনি দাবি করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমান আরও বলেন, শুধু স্বৈরাচারমুক্ত করাই যথেষ্ট নয়, এখন দেশের পুনর্গঠনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হলে উন্নয়ন, জনগণের অধিকার এবং প্রশাসনিক সংস্কার—সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ নিতে হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD