ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ২৭ মে তারিখের ট্রেনযাত্রার আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। আগের ঘোষণার মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হবে।
আরও পড়ুন: যেভাবে বাস্তবায়িত হবে নবম পে-স্কেল
ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে মোট পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় আগাম বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে এবং ২৬ মে’র টিকিট ১৬ মে বিক্রি করা হয়।
বিজ্ঞাপন
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করার সুযোগ পাবেন। এছাড়া ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিজ্ঞাপন
এদিকে ঈদুল আজহার চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের ট্রেনযাত্রার টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।








