চট্টগ্রামে কর্ণফুলী ড্রাই ডক পরিদর্শনে তিন প্রতিমন্ত্রী

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ শিল্প ও নৌ-অবকাঠামো প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডক অ্যান্ড জেটি লিমিটেড পরিদর্শন করেছেন সরকারের তিন প্রতিমন্ত্রী। সফরকালে তারা প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম সফরের অংশ হিসেবে ড্রাই ডকে যান নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীরা কর্ণফুলী ড্রাই ডকের বিভিন্ন ইউনিট, জেটি এলাকা, নির্মাণাধীন প্রকল্প এবং অবকাঠামোগত উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি, জাহাজ মেরামত কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীদের সামনে ড্রাই ডকের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। একইসঙ্গে নৌখাতের উন্নয়ন ও বন্দরকেন্দ্রিক শিল্প সম্প্রসারণে কর্ণফুলী ড্রাই ডকের সম্ভাবনাও আলোচনা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার ও মেরিন বিভাগের সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, কর্ণফুলী ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশীদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সফর শেষে প্রতিমন্ত্রীরা দেশের নৌ ও শিল্প খাতের উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠানের আধুনিকায়ন ও কার্যক্রম সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








