উন্নয়নের নামে দেশের জনগণের অর্থ লুট হয়েছে: প্রধানমন্ত্রী

গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের বিপুল অর্থ অপচয় ও বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন খাতকে দুর্বল করে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদরের বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে দেশের মানুষের লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জনগণের সম্পদ বাইরে সরিয়ে নেওয়ার ফলে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এর দক্ষতাও নষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতকেও পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। দেশের চিকিৎসা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তারেক রহমান দাবি করেন, উন্নয়নের নামে বড় বড় প্রকল্প নেওয়া হলেও সেসবের আড়ালে জনগণের অর্থ লুটপাট হয়েছে।
তিনি বলেন, আমরা দেখেছি কীভাবে উন্নয়নের কথা বলে মানুষের টাকা তছরুপ করা হয়েছে। বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য।
বিজ্ঞাপন
সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে কৃষি, পানি ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতি উপকৃত হবে। গ্রাম থেকে শহর—সব এলাকার মানুষ এর সুফল পাবে।
তিনি বলেন, যে পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, সেগুলো বাস্তবায়ন করা হবে। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।
বিজ্ঞাপন
বক্তব্যে কিছু মহল সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করতেই কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা খাল খনন কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনেই বিএনপি নির্বাচনে বিজয়ী হয়েছে এবং মানুষ যে দায়িত্ব দিয়েছে, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। মানুষ যেসব কাজ করার রায় দিয়েছে, আমরা সেগুলো বাস্তবায়ন করব। কেউ ষড়যন্ত্র করলে জনগণই তা প্রতিহত করবে।
বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল শক্তি দেশের জনগণ। জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন দেশ ও মানুষের জন্য কাজ চালিয়ে যাবে দলটি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিকসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।








