Logo

শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১৬ মে, ২০২৬, ১৮:১০
শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের স্বপ্ন বাস্তবায়নে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শুধু ওই এলাকাতেই সাতজন প্রাণ হারিয়েছেন। তাদের দাবি ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, জুলাই-আগস্ট আন্দোলনে সারাদেশে বিএনপির প্রায় সাড়ে চারশ নেতাকর্মী নিহত হয়েছেন।

তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সবাইকে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত বাড়াতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের মাধ্যমে তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে।

বিজ্ঞাপন

খোর্দ্দ খাল পুনর্খনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে কার্যকারিতা হারায়। পুনরায় খনন হলে এলাকার প্রায় দুই হাজার কৃষক পরিবার উপকৃত হবে বলে তিনি জানান।

তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই খালের মাধ্যমে শুধু কৃষকই নয়, আশপাশের সাধারণ মানুষও পানির সুবিধা পাবেন। সময়মতো সেচ নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে দেশের চার কোটি পরিবারের নারীদের ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে।

এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তার মতে, এই সহায়তা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পারিবারিক ব্যয় ব্যবস্থাপনায় কাজে লাগবে এবং নারীদের ক্ষুদ্র ব্যবসা বা আত্মকর্মসংস্থানে উৎসাহিত করবে।

তিনি বলেন, মা শিক্ষিত ও স্বাবলম্বী হলে পুরো পরিবার এগিয়ে যায়। তাই নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা জরুরি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যৎ বাজেটে কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে। ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ কেনার খরচের একটি অংশ সরকার বহন করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বাজেট অন্তর্বর্তী সরকারের সময়ে করা হওয়ায় সেখানে এসব কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়নি। তবে বিএনপি সরকার বাজেট প্রণয়ন করলে এসব খাতে অর্থ বরাদ্দ অন্তর্ভুক্ত করা হবে।

নারী শিক্ষা ও ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেওয়া নারীশিক্ষা কর্মসূচিকে আরও সম্প্রসারণ করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তা ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী না করা গেলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে টেকনিক্যাল ট্রেনিং প্রয়োজন। এতে তারা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে, পাশাপাশি বিদেশেও ভালো চাকরির সুযোগ পাবে। অদক্ষ শ্রমিকের বদলে দক্ষ কর্মী তৈরি করতে পারলে বিদেশে আয় বাড়বে এবং দেশে বেশি বৈদেশিক মুদ্রা আসবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে ওই এলাকায় একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশনাও দেন তিনি।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের সম্মিলিত শক্তি দেশকে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে পারে। জনগণই আমাদের রাজনৈতিক শক্তির মূল উৎস। সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

‘করব কাজ, সবার আগে’—এই স্লোগান তুলে তিনি উপস্থিত জনতার প্রতি দেশ গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD