Logo

বাংলাদেশ থেকে ৬ হাজার কর্মী নেবে দুবাই

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৮:০৫
বাংলাদেশ থেকে ৬ হাজার কর্মী নেবে দুবাই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে চালক নিয়োগের জন্য ইন্টারভিউ শুরু হবে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি প্রস্তাব দেন, দুবাই পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়েও কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করা হলে তা আরও কার্যকর হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য পেশাজীবী নিয়োগের বিষয়েও অনুরোধ জানান।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা জানান, দক্ষতা ও পরিশ্রমের কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়।

বিজ্ঞাপন

তারা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভাবে দেড় হাজার প্রার্থী বাছাই করা হবে। চলতি বছরে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বিদেশে যেতে অনেক বাংলাদেশি চালককে উচ্চ ব্যয় বহন করতে হয়, যার কারণে অনেকে ঋণের চাপে পড়েন। তাই অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, ড্রাইভারের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদেও বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে তারা আগ্রহী।

বিজ্ঞাপন

সাক্ষাতে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD