মোটরসাইকেলে নতুন করের আশঙ্কা, এনবিআরের সামনে চালকদের বিক্ষোভ

মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের গুঞ্জনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মোটরসাইকেল মালিক ও চালকরা। রবিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভে অংশ নেওয়া চালকরা এনবিআর ভবনের সামনের সড়কে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে প্রতিবাদ জানান। তাদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসপণ্য নয়; বরং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এ খাতে অতিরিক্ত কর আরোপ করা হলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।
বিক্ষোভকারীরা বলেন, বর্তমানে অসংখ্য মানুষ মোটরসাইকেলের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। কেউ রাইড শেয়ারিং করছেন, কেউ ব্যবসায়িক বা পেশাগত কাজে এটি ব্যবহার করছেন। ফলে নতুন কর আরোপ করা হলে লাখো মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।
বিজ্ঞাপন
জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) বা বাড়তি শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কর্মসূচি শেষে বিক্ষোভকারীরা মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব বাতিলের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত বাজেটে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে।
প্রতিবাদকারীদের ভাষ্য, এমন সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীদের আর্থিক চাপ আরও বাড়বে। তাই তারা দ্রুত এ ধরনের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।








