জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরে নিতে চায় চীন

বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও জোরদার করতে আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং সফরে নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রস্তাবিত এ সফর দুই দিনের বেশি হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইজিং পৌঁছানোর দিনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, চীন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী চীন সফর করবেন।
বিজ্ঞাপন
গত ৮ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরও আলোচনায় উঠে আসে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ আরও সক্রিয় হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারি ও রাজনৈতিক পর্যায়ে একাধিক সফরও সেই সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছে।








