নতুন আইন হচ্ছে, আগের মতো থাকছে না র্যাব: ডা. জাহেদ

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামো ও কার্যপদ্ধতিতে থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাহিনীটির জন্য একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, যেখানে এর কার্যক্রম আরও সুস্পষ্টভাবে নির্ধারিত থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, র্যাব বিলুপ্তির দাবি উঠেছিল। তবে নতুন আইনের মাধ্যমে বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও জবাবদিহিতা নতুনভাবে নির্ধারণ করা হবে। ফলে আগের মতো র্যাব আর থাকবে না। একই সঙ্গে বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, এতদিন র্যাব পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে পরিচালিত হয়েছে। নতুন পূর্ণাঙ্গ আইন হলে বাহিনীর কার্যক্রম, ক্ষমতা ও সীমারেখা আরও স্পষ্ট হবে।
উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় কোনো বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না। অতীতে র্যাবকে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, বর্তমান সরকারের সময়ে সে ধরনের পরিস্থিতি তৈরি হবে না বলেও তিনি আশ্বাস দেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও জটিল অপরাধ দমনে একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের কারণে র্যাব অতীতে সন্ত্রাস ও গুরুতর অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নতুন আইন কার্যকর হলে র্যাব নামেই থাকুক বা অন্য নামে পরিচালিত হোক, আগের বিতর্কিত কর্মকাণ্ডের ঝুঁকি আর থাকবে না।








