Logo

৩ ঘণ্টার ব্যবধানে সড়কে রক্তবন্যা, ঝরে গেল ১০ জনের প্রাণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৮:০৩
৩ ঘণ্টার ব্যবধানে সড়কে রক্তবন্যা, ঝরে গেল ১০ জনের প্রাণ
ছবি : জনবাণী গ্রাফিক্স

দেশের তিন জেলায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে কুষ্টিয়া, যশোর ও দিনাজপুরে এসব দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে নারী ও শিশুসহ আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুষ্টিয়ায় বাস-ড্রামট্রাক সংঘর্ষ, নিহত ৪

খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

অন্যদিকে যশোরে কাভার্ডভ্যান, ইজিবাইক ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) এবং আনোয়ার আলী (৭০)। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বিজ্ঞাপন

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, খুলনা থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে বৃষ্টি সাহার চার বছরের সন্তান ও আরও একজন আহত ব্যক্তি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

বিজ্ঞাপন

এদিকে ঘোড়াঘাটে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আলামিন (১৫), সৈকত (১৬) ও কাইয়ুম (২০)। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে তিনজন আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই অপর একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই দিনে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, মহাসড়কে নজরদারি বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD