Logo

আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মে, ২০২৬, ১৪:৪১
আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের পরিকল্পনা সরকারের
ছবি: সংগৃহীত

আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনা করছে সরকার। ঈদুল আজহার পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে এই ব্যবস্থা ধাপে ধাপে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

বিজ্ঞাপন

সোমবার ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়ার ছাড়সংবলিত কার্ড উদ্বোধন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালু করা হয়েছে। ঈদের পর পর্যায়ক্রমে দেশের সব আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শুধু প্রবীণ ও প্রতিবন্ধী নয়, শিক্ষার্থীদের জন্যও বিশেষ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য আলাদা কার্ড চালুর পাশাপাশি আন্তঃনগর ট্রেনে তাদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যাত্রীসেবায় সুবিধাবঞ্চিত ও বিশেষ শ্রেণির যাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থা আরও সহজ ও স্বস্তিদায়ক করাই এই উদ্যোগের লক্ষ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD