Logo

দেশে বিচারাধীন মামলা রয়েছে ৪৫ লাখ: আইনমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৬ মে, ২০২৬, ১৮:০৫
দেশে বিচারাধীন মামলা রয়েছে ৪৫ লাখ: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলার তুলনায় বিচারক ও ট্রায়াল আইনজীবীর সংখ্যা কম হওয়ায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের আদালতগুলোতে বিপুলসংখ্যক মামলা জমে থাকলেও সেই অনুপাতে বিচারকের সংখ্যা বাড়েনি। একইসঙ্গে ট্রায়াল পরিচালনাকারী আইনজীবীর সংখ্যাও তুলনামূলক কম। এসব কারণেই অনেক মামলার নিষ্পত্তি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে।

বিজ্ঞাপন

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সাংবিধানিকভাবে অত্যন্ত স্বাধীন। বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারকদের পদায়ন ও পদোন্নতির বিষয়ে সরকারের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই বলে উল্লেখ করেন তিনি।

তবে বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহারের উদাহরণও অতীতে দেখা গেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তার ভাষ্য, এমন অনেক সময় এসেছে যখন বিচার বিভাগে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা সাধারণ মানুষের অধিকার রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি।

তিনি আরও বলেন, অধস্তন আদালতের বিচারকরা নিজেদের বিচারবোধ ও আইনগত জ্ঞানের ভিত্তিতে রায় দিয়ে থাকেন। সেখানে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই। বরং সরকারই দেশের সবচেয়ে বড় মামলার পক্ষ এবং অনেক ক্ষেত্রেই সরকার আদালতে পরাজিত হয় বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ আদালত নিয়ন্ত্রণ নিয়ে যে মন্তব্য করেছেন, তারও জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয়—এ ধরনের বক্তব্য আদালত অবমাননার সামিল।

আইনমন্ত্রী দাবি করেন, বিচারকরা স্বাধীনভাবেই দায়িত্ব পালন করছেন। তিনি উদাহরণ হিসেবে বলেন, এনসিপির নেতারা গ্রেপ্তারের পরদিনই আদালত থেকে জামিন পেয়েছেন, যা বিচার বিভাগের স্বাধীনতারই প্রমাণ।

বিজ্ঞাপন

তার মতে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি তৈরির জন্য এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

এ সময় ঝিনাইদহের সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, সেখানে পুলিশের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল না এবং বিচারকরাও স্বাধীনভাবে দায়িত্ব পালন করেছেন।

দেশের বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা ধরে রাখতে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD