২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ

প্রি-পেইড সিস্টেমের উন্নয়নকাজের কারণে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) নির্দিষ্ট কিছু প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা টানা ২৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে। এ সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
ডেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত এ সাময়িক সমস্যা থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলাকালে রিচার্জ সেবা স্বাভাবিক না-ও থাকতে পারে।
এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই প্রয়োজন অনুযায়ী মিটারে পর্যাপ্ত ব্যালান্স জমা রাখার অনুরোধ জানিয়েছে ডেসকো।
বিজ্ঞাপন
রিচার্জ-সংক্রান্ত কোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।









