Logo

জাতীয় নিরাপত্তায় জনসম্পৃক্ততা বাড়াতে আনসার সদস্যদের প্রশিক্ষণের আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৮:৫৭
জাতীয় নিরাপত্তায় জনসম্পৃক্ততা বাড়াতে আনসার সদস্যদের প্রশিক্ষণের আহ্বান
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ লক্ষ্যে বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আন্তঃবাহিনী সমন্বয় এবং গণপ্রতিরক্ষা সক্ষমতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণযুদ্ধের দর্শনের আলোকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী একজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট এবং অন্যদের ডিজিটাল সনদ ও আনসার ব্যাংকের শেয়ার সার্টিফিকেট দেন মহাপরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত গণপ্রতিরক্ষা দর্শনের আলোকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখ সদস্যকে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী সংস্কার কার্যক্রমে দেশপ্রেম, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবা ও আত্মত্যাগের চেতনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, বাহিনীর সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সচেতন, দায়িত্বশীল ও সক্ষম জননিরাপত্তা কাঠামো গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় আনসার বাহিনীর কার্যক্ষমতা বাড়াতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ প্রশিক্ষণ এবং সমন্বয় জোরদার করা হচ্ছে বলে জানান মহাপরিচালক। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন যৌথ প্রশিক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার নির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় নেওয়া এ উদ্যোগ পর্যায়ক্রমে উপকূলীয় জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলীয় নিরাপত্তা, জেলে ও মাছ ধরার নৌযানের সুরক্ষা, উদ্ধার অভিযান এবং দুর্যোগকালীন জরুরি সাড়াদানের সক্ষমতা বাড়ানো হবে।

বিজ্ঞাপন

এ জন্য প্রান্তিক পর্যায়ে থাকা বাহিনীর বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবীকে ধাপে ধাপে একই ধারার প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি সদস্যদের কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণ দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। জাপানি ভাষা শিক্ষা এবং প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে জাপান ও ইউরোপে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাঁদের আর্থিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন

বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে সদস্যদের সমন্বিত তথ্যভান্ডার, কিউআর কোডভিত্তিক ডিজিটাল প্রশিক্ষণ সনদ, ডিজিটাল মনিটরিং, মাঠপর্যায়ে ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম এবং সিআরএম ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান মহাপরিচালক।

এ ছাড়া বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন বাংলাদেশ কর্মসূচি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বাহিনীর স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে যুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য, জেলার বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথি এবং আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD