Logo

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের ২০২৬ কাফেলার যাত্রা শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ১৯:১৪
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের ২০২৬ কাফেলার যাত্রা শুরু
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০২৬ সালের কাফেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে ৩ নভেম্বর ২০২৬ তারিখে বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে সফরের শুরুতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি তিনজন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করেন। পাশাপাশি যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে পবিত্র ওমরাহ পালনের এবং দেশের ও বাহিনীর কল্যাণে দোয়া করার নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। আর সব সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার সংস্কার। তাই ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন এবং পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

সফরসংক্রান্ত নির্দেশনা দিতে গিয়ে তিনি মনোনীত সদস্যদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। সফরে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন তিনি। সফরসংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে যাত্রা সম্পন্ন করার পরামর্শও দেন মহাপরিচালক।

এ ছাড়া পবিত্র ভূমিতে দেশ, জাতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান তিনি।

পবিত্র ওমরাহ-২০২৬ পালনের জন্য সদস্যদের মনোনীত করা বাহিনীর পক্ষ থেকে তাদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। মহাপরিচালকের শুভেচ্ছা ও দিকনির্দেশনা সদস্যদের মনোবল আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। ওমরাহ পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা নিয়ে তারা ভবিষ্যতে কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD