চারদিন গ্যাস সরবরাহ বন্ধের খবর ভিত্তিহীন: পেট্রোবাংলা

দেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের কারণে সরবরাহ কমে যেতে পারে। এতে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি—সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে সেখানে রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
পেট্রোবাংলা জানায়, একটি মহল কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা সংস্থাটির নজরে এসেছে।
এ অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধের খবরকে গুজব উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।








