Logo

জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা জাতির কাছে স্মরণীয়: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১৯:৫৩
জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকা জাতির কাছে স্মরণীয়: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সেনাবাহিনীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদুল আজহার প্রীতিভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর সেনানিবাসের পরিচিত পরিবেশে ফিরে এসে তিনি আবেগাপ্লুত। সেনা সদস্যদের শৃঙ্খলা, পারস্পরিক বন্ধন ও দায়িত্ববোধ তাকে মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা একই দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।

প্রীতিভোজ শেষে তিনি সৈনিক লাইন পরিদর্শন করেন, একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সেনা সদস্যদের সঙ্গে ফটোসেশন ও জোহরের নামাজে অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. এ কে এম শামসুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD