Logo

ট্রেনে জনস্রোত, ছুটি শেষে ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১১:১৭
ট্রেনে জনস্রোত, ছুটি শেষে ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীর বাইরে থাকা কর্মজীবী মানুষ। সোমবার (১ জুন) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যাত্রীদের ভিড়ে সরগরম ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন। তবে যাত্রাপথে অতিরিক্ত ভিড় ও ট্রেনের বিলম্বে ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

যাত্রীদের অভিযোগ, অগ্রিম টিকিট সংগ্রহ করেও অনেকে নিজেদের নির্ধারিত আসনে পৌঁছাতে পারেননি। কেউ কেউ গেটের পাশে দাঁড়িয়ে কিংবা ঝুলে ঝুলে যাত্রা করতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে চলাচল করেছে। ফলে সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা গেছে যাত্রীদের মধ্যে।

সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১২টি ট্রেন ঢাকায় পৌঁছায়। প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। বিমানবন্দর রেলস্টেশনে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী নেমে যাওয়ার পরও কমলাপুরে পৌঁছানো ট্রেনগুলোতে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো।

বিজ্ঞাপন

সকাল ৯টার দিকে জামালপুর থেকে আসা একটি ট্রেনে অনেক যাত্রীকে গেটে দাঁড়িয়ে যাত্রা করতে দেখা যায়। কয়েকজন জানান, টিকিট থাকার পরও তারা নিজেদের আসনে বসতে পারেননি।

এ ছাড়া কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও নোয়াখালী থেকে আসা ট্রেনগুলোতেও ছিল ব্যাপক ভিড়। অধিকাংশ ট্রেনেই দাঁড়িয়ে থাকা যাত্রীতে বগিগুলো পরিপূর্ণ ছিল।

সকাল ৯টা ৪৫ মিনিটে পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেস কমলাপুর স্টেশনে পৌঁছায়। ওই ট্রেনের এক যাত্রী জানান, পরিবার নিয়ে ঢাকায় ফিরলেও অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত আসনে পৌঁছানো সম্ভব হয়নি। এমনকি নিজের বগিতেও উঠতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

এদিকে সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছায় রংপুর এক্সপ্রেস। ট্রেনটির এক যাত্রী বলেন, রোববার রাত ৮টায় ছাড়ার কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা বিলম্বে যাত্রা শুরু করে ট্রেনটি। ফলে ঢাকায় পৌঁছাতেও কয়েক ঘণ্টা অতিরিক্ত সময় লেগেছে। এতে নির্ধারিত সময়ে অফিসে যোগ দিতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।

ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষের ঢাকামুখী যাত্রার কারণে রেলপথে যাত্রীচাপ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD