Logo

মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৯
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা এবং অনুপস্থিত থাকলে ৫০০ টাকা জরিমানা করার অভিযোগকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (আইআইএম)।

বিজ্ঞাপন

১৭ সেপ্টেম্বর মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে আইআইএম জম্মু ক্যাম্পাসে ‘দীপক লাইটিং সেরেমনি’ আয়োজন করা হয়। কংগ্রেস নেতা ও দলটির জম্মু-কাশ্মীরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাসির হুসেন অভিযোগ করেন, অনুষ্ঠানে উপস্থিত না থাকা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং জবাব সন্তোষজনক না হলে ৫০০ টাকা জরিমানার কথা বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি নোটিশের বরাত দিয়ে হুসেন প্রশ্ন তোলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিতি কেন বাধ্যতামূলক হবে। তার বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তার পরিবেশ থাকা উচিত এবং রাজনৈতিক নেতাদের জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের বাধ্য করা উচিত নয়।

তবে আইআইএম জম্মু কর্তৃপক্ষ অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, প্রদীপ প্রজ্বালনের অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ছিল না এবং অনুপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো জরিমানাও আদায় করা হয়নি। কর্তৃপক্ষের দাবি, যে ই-মেইলকে ভিত্তি করে অভিযোগ করা হয়েছে, সেটি প্রতিষ্ঠানের প্রশাসনের নয়; সেটি শিক্ষার্থী কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইআইএমের মুখপাত্র আরও বলেন, প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে কর্মসূচি আয়োজন করে, তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ স্বেচ্ছামূলক। আগামী ২ অক্টোবর বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি থাকলেও তাতেও অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে জানান তিনি।

মোদির জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যে ‘আশীর্বাদের প্রদীপ’সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গেও বাড়ি, প্রতিষ্ঠান ও মন্দিরে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে ১৭ সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করে বিজেপি।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন কর্মসূচির সমালোচনা করেছেন। ইন্দোরে ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তিনি সরকারি ব্যয়ের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং ছাত্রাবাস নির্মাণ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুবিধায় আরও অর্থ বরাদ্দের দাবি জানান।

বিজ্ঞাপন

ফলে আইআইএম জম্মুর ঘটনাটি নিয়ে মূল বিতর্ক এখন দুটি দাবিকে ঘিরে—এক পক্ষের অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে জরিমানার হুমকি দেওয়া হয়েছিল; অন্যদিকে প্রতিষ্ঠানটির দাবি, অনুষ্ঠানটি স্বেচ্ছামূলক ছিল এবং কোনো জরিমানা করা হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD