Logo

জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০
জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

বিজ্ঞাপন

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান। পরে মোটরকেডে করে তাকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।

এর আগে সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেয় বিমানটি।

বিজ্ঞাপন

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত নৈশভোজে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। সফরকালে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও কর্মসূচি রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD