Logo

সড়ক-সেতুতে টোল আদায়ে আসছে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫১
সড়ক-সেতুতে টোল আদায়ে আসছে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা
ছবি প্রতিনিধি।

বাংলাদেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে সমন্বিত টোলিং কৌশল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্মার্ট সড়ক পরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের সঙ্গে বৈঠক করেছে সেতু বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে এডিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান মোহাম্মদ আবদুর রউফ। এ সময় তিনি বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ খাতে চলমান পরিবর্তনের চিত্র তুলে ধরেন।

বৈঠকে দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলগুলোতে বিদ্যমান টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক ও সমন্বিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি), বিভিন্ন প্রতিষ্ঠানের টোলিং ব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ, নগদবিহীন লেনদেন, স্বয়ংক্রিয় টোল আদায় এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা।

বিজ্ঞাপন

বৈঠকে সেতু বিভাগের সচিব বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমন্বিত টোলিং ব্যবস্থা গড়ে তোলা গেলে টোল আদায় আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। একই সঙ্গে ভবিষ্যতের স্মার্ট সড়ক পরিবহন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা সম্ভব হবে।

এডিবির তথ্য অনুযায়ী, ‘ডেভেলপমেন্ট অব ইন্টিগ্রেটেড টোলিং স্ট্র্যাটেজি ফর স্মার্ট রোড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক’ শীর্ষক কারিগরি সহায়তা কার্যক্রমের আওতায় বাংলাদেশে একটি টেকসই সড়ক টোলিং মডেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে দেশের বর্তমান টোলিং ব্যবস্থার অবস্থা, বিভিন্ন সংস্থার ব্যবহৃত প্রযুক্তি, টোল আদায়ের প্রক্রিয়া, তথ্যের আন্তঃসংযোগ এবং ভবিষ্যতে একটি সমন্বিত টোলিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বিজ্ঞাপন

প্রস্তাবিত ব্যবস্থার মাধ্যমে সড়ক ব্যবহারকারীরা দ্রুত ও নির্বিঘ্নে টোল পরিশোধ করতে পারবেন। পাশাপাশি টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পদ্মা সেতুতে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে নন-স্টপ ও নগদবিহীন ইটিসি সেবা চালু রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে যানবাহনকে টোল প্লাজায় না থামিয়েই টোল পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া চলতি বছরের জুনে সেতু বিভাগে অনুষ্ঠিত এক অংশীজন সভায় দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও টানেলগুলোর বিভিন্ন ইটিসি ব্যবস্থাকে একটি একক ও আন্তঃসংযোগযোগ্য নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশের বিদ্যমান টোলিং ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং প্রযুক্তিগত অবকাঠামো পর্যালোচনা করবে। এ পর্যালোচনার ভিত্তিতে সমন্বিত টোলিং কৌশল প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্য ও সুপারিশ দেওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD