Logo

মায়ের প্রতি অবহেলা : সেই যুগ্মসচিবকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১৯:৫৭
মায়ের প্রতি অবহেলা : সেই যুগ্মসচিবকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে একই দিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী আনিসুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ জন্য তার বক্তব্য গ্রহণসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহটি দীর্ঘ সময় পড়ে থাকায় পচন ধরেছিল এবং সেখানে পোকাও দেখা যায়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসাটি ছিল অপরিচ্ছন্ন ও অগোছালো। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান বাসির জানান, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। তিনি আরও বলেন, তার এক ছেলে যুগ্ম সচিব হিসেবে কর্মরত, অপর ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

বিজ্ঞাপন

নুরজাহান বেগমের মৃত্যুর পর তার সন্তানদের দায়িত্ব ও অবহেলার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD