Logo

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ডিএসসিসির ২৭ ওয়ার্ড, ৬৩ ওয়ার্ডে মশার ঘনত্ব বেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৬:১৪
ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ডিএসসিসির ২৭ ওয়ার্ড, ৬৩ ওয়ার্ডে মশার ঘনত্ব বেশি
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে মশার ঘনত্ব নির্ধারিত মানের চেয়ে বেশি পাওয়া গেছে। এছাড়া এডিস মশার লার্ভার ঘনত্বের ভিত্তিতে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএসসিসি এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত ১২ দিনব্যাপী এই জরিপ পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৪ জুন) নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

জরিপে দেখা যায়, পরিদর্শন করা ২ হাজার ২৩৮টি বাড়ির মধ্যে ২৮১টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। এর মধ্যে বহুতল ভবনে ৩৫ দশমিক ২৩ শতাংশ, স্বতন্ত্র বাড়িতে ২৭ দশমিক ৭৬ শতাংশ, নির্মাণাধীন ভবনে ১৭ দশমিক ৪৪ শতাংশ এবং সেমিপাকা বাড়িতে ১৪ দশমিক ৫৯ শতাংশ লার্ভা শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড থেকে প্রতিটি ওয়ার্ডে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়িকে নমুনা হিসেবে নির্বাচন করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত জরিপে ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী অংশ নেন।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, তথ্য সংগ্রহে নির্ভুলতা নিশ্চিত করতে আধুনিক ‘কোবো টুলবক্স’ ব্যবহার করা হয়েছে। পরে ব্রেটো ইনডেক্স, হাউজ ইনডেক্স, কনটেইনার ইনডেক্স ও পিউপা ইনডেক্সের মাধ্যমে ফলাফল বিশ্লেষণ করে সম্ভাব্য ডেঙ্গু হটস্পট চিহ্নিত করা হয়।

বিজ্ঞাপন

জরিপ অনুযায়ী, প্লাস্টিকের ড্রামে ৮ দশমিক ৮৯ শতাংশ, মেঝেতে জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ এবং বালতিতে জমে থাকা পানিতে ১০ দশমিক ৩৪ শতাংশ মশার প্রজননক্ষেত্র পাওয়া গেছে।

ডিএসসিসি বলছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদেরও বাসা ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা, নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।

সংস্থাটি আরও জানায়, জরিপের ফলাফলের ভিত্তিতে আগামী ৬ জুন ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করা হবে। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে এ কর্মসূচি শুরু হয়ে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া ৭ জুন থেকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে থাকা ২৭টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে পাঁচ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে। পরবর্তী ধাপে মাঝারি ঝুঁকিপূর্ণ আরও ৩৬টি ওয়ার্ডেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD