সৌদি থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি, ৪৮ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন হাজি চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ দৈনিক হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে আনা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন হাজি।
বিজ্ঞাপন
ফিরতি যাত্রী পরিবহনে সবচেয়ে বেশি হাজি বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ১৪ হাজার ৬০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। অন্যদিকে সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ফিরিয়ে এনেছে ৭ হাজার ৭০০ জন হাজিকে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনসের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এখন পর্যন্ত পরিচালিত ৮৯টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২০টি ফ্লাইট।
বিজ্ঞাপন
এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত যে ৪৮ জন বাংলাদেশি হাজি মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এলাকাভিত্তিক মৃত্যুর হিসাবে পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। এছাড়া সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে এ পর্যন্ত মোট ৩৯৮ জন বাংলাদেশি হাজি প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে শেষ ফ্লাইটটি ঢাকা ছাড়ে ২১ মে। এখন হাজিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া পুরোদমে চলছে।








