Logo

১০০ দিনে খুন ৬০৫, অপহরণ ১৯৬ : সংসদে ক্ষোভ রুমিন ফারহানার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুন, ২০২৬, ১৮:৫৬
১০০ দিনে খুন ৬০৫, অপহরণ ১৯৬ : সংসদে ক্ষোভ রুমিন ফারহানার
ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী-শিশু নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব বিষয় তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি; বরং বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে দাবি করেন, মার্চ ও এপ্রিল—এই দুই মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রভাব শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার শিকার হয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে ২ হাজার ২১৪টি।

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি জানান, আলোচ্য সময়ে নারী ও শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং শিশু ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন। এসব তথ্য তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে দেশের নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় রয়েছে, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়।

বিজ্ঞাপন

সরকারের সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, একটি সরকারের সাফল্য কিংবা ব্যর্থতার বড় অংশ নির্ভর করে অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। তার মতে, এই দুই খাত মিলিয়ে সরকারের সামগ্রিক মূল্যায়নের অর্ধেক নির্ধারিত হবে, আর বাকি অংশ নির্ভর করবে অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর।

তিনি আরও মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা যেত। একই সঙ্গে তিনি বলেন, সরকারের সফলতা বা ব্যর্থতার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জনগণের প্রত্যাশা পূরণে এই দুটি খাতের কার্যকারিতাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD