Logo

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ জুন, ২০২৬, ১১:৩৯
প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক বৈঠক
ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। দেশের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কেন্দ্র করে এসব প্রকল্প প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের অন্যতম আলোচিত বিষয় হলো চট্টগ্রামের আনোয়ারা এলাকায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রকল্প। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০০ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের আগে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

এদিকে শিশুস্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উপস্থাপন করা হয়েছে। প্রায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের কাজ আগামী জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। অনুমোদন পেলে এসব প্রকল্প দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD