প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী, শাস্তির নির্দেশ

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রকল্প দীর্ঘায়িত হওয়ার জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) একনেকের সভায় এসব নির্দেশনা দেন তিনি। সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
সভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়ের একনেক কক্ষে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
বিজ্ঞাপন
একনেক সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন। পরে প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয় এবং এর জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। এ ছাড়া বিভিন্ন সংস্থার (এলজিইডি, পিডব্লিউডি) রেট সিডিউল আলাদা হওয়ায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত একক রেট সিডিউল প্রণয়নের নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, সড়কের দুই পাশে সবুজ পরিবেশ বজায় রাখতে হবে। অতীতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গাছের সারি ভালো লাগত বলে উল্লেখ করে তিনি সড়কের পাশে ইউক্যালিপটাস ও আকাশমণি জাতীয় গাছ না লাগানোর নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে—বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা–বাঁশখালী–টইটং–পেকুয়া–বদরখালী–চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, দেশের ৩৩ জেলায় সার্কিট হাউস ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়), মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্য সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট, ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (প্রথম সংশোধিত) প্রকল্প।








