বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও কর বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে এসব পণ্যের আমদানি ব্যয় বাড়বে এবং বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।
বিজ্ঞাপন
প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো— কাজুবাদাম, আমদানিকৃত পাঙাশ ফিলেট, সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো, ২০০-১৬০০ সিসি পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, জিপসাম বোর্ড ও শিট, পিভিসি ও পিইটি রেজিনভিত্তিক পণ্য, কোল্ড-রোল্ড কয়েল ও শিট, কপার টিউব ও তার, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারসহ আরও কয়েকটি পণ্য।
কাজুবাদাম
দেশীয় চাষ ও প্রক্রিয়াজাত শিল্পকে উৎসাহ দিতে অপ্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং প্রক্রিয়াজাত কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। ফলে আমদানিনির্ভর কাজুবাদামের বাজারে মূল্য বাড়তে পারে।
বিজ্ঞাপন
আমদানিকৃত পাঙাশ ফিলেট
দেশীয় মৎস্য প্রক্রিয়াজাত শিল্পকে সুরক্ষা দিতে আমদানিকৃত পাঙাশ ফিলেটের ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে এ পণ্যের বাজারমূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সিগারেট
বিজ্ঞাপন
সব স্তরের সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ১০ শলাকার নিম্নস্তরের সিগারেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সিগারেটের দাম বাড়বে।
নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো
নিকোটিন পাউচ আমদানিতে খুচরা পর্যায়ে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক এবং হিটেড টোব্যাকো পণ্যে ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে উভয় পণ্যের মূল্য বাড়তে পারে।
বিজ্ঞাপন
পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি
পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনচালিত গাড়ির মোট করভার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে এসব গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ওয়াশিং মেশিন
বিজ্ঞাপন
স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে সব ধরনের গৃহস্থালি ওয়াশিং মেশিন আমদানির ওপর নতুন করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
জিপসাম বোর্ড ও শিট
দেশীয় উৎপাদকদের স্বার্থ রক্ষায় জিপসাম বোর্ড ও শিট আমদানিতে ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে এ খাতের পণ্যের দাম বাড়তে পারে।
বিজ্ঞাপন
ট্রান্সফরমার
স্থানীয় ট্রান্সফরমার শিল্পকে সুরক্ষা দিতে ১ কেভিএ পর্যন্ত ক্ষমতার ট্রান্সফরমার আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার পাশাপাশি নতুন করে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
কপার টিউব ও তার
বিজ্ঞাপন
কপার টিউবের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে কপারের তার আমদানিতে নতুন করে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের মূল্য বাড়তে পারে।
কোল্ড-রোল্ড কয়েল ও শিট
কোল্ড-রোল্ড কয়েল ও শিট আমদানিতে অতিরিক্ত ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এতে বাজারমূল্যে প্রভাব পড়তে পারে।
বিজ্ঞাপন
প্লাস্টিক ও প্যাকেজিং পণ্য
পিভিসি রেজিন এবং পিইটি রেজিন— উভয়ের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। ফলে সংশ্লিষ্ট শিল্পখাতের পণ্যের উৎপাদন ব্যয় বাড়তে পারে।
গ্রিজপ্রুফ ও গ্লাসিন পেপার
বিজ্ঞাপন
গ্রিজপ্রুফ পেপারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। গ্লাসিন পেপারের ক্ষেত্রেও একই হার প্রস্তাব করা হয়েছে। এতে দুই ধরনের কাগজের দাম বাড়তে পারে।
ডিসি মোটর
দেশীয় মোটর উৎপাদন শিল্পকে সুরক্ষা দিতে ১২০০ ওয়াটের কম ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর আমদানিতে ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞাপন
মেইজ স্টার্চ
ভুট্টা দানা থেকে উৎপাদিত মেইজ স্টার্চের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। খাদ্য, ওষুধ, টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত এ পণ্যের মূল্য বাড়লে সংশ্লিষ্ট খাতেও প্রভাব পড়তে পারে।
পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার
আমদানি বিকল্প শিল্পকে উৎসাহ দিতে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার আমদানিতে নতুন করে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
সাইকেলের যন্ত্রাংশ
স্থানীয় শিল্পের সুরক্ষায় সাইকেলের যন্ত্রাংশ ‘ফ্রি হুইল’ আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং অতিরিক্ত ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পণ্যের দাম বাড়তে পারে।








