Logo

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৯:৩৬
এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য পৃথক পরিদর্শন কক্ষ নির্মাণে আর্থিক বরাদ্দ দিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব উপজেলা পরিষদের জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম কার্যদিবসে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার জানতে চান, সংসদ সদস্যদের দাফতরিক যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উপজেলা পরিষদে আলাদা অফিস বা কার্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।

বিজ্ঞাপন

এর জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে সংসদ সদস্য এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ প্রতিটি উপজেলা পরিষদের জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব পরিদর্শন কক্ষ ব্যবহার করে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তদারকি, বিভিন্ন প্রশাসনিক বৈঠক এবং নাগরিক সেবা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রয়োজন অনুযায়ী এসব কক্ষ ব্যবহার করতে পারবেন।

স্থানীয় সরকার বিভাগের এই উদ্যোগকে উপজেলা পর্যায়ে প্রশাসনিক সমন্বয় বাড়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে এবং উন্নয়ন কার্যক্রমের তদারকি জোরদার করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত কর্মস্থল বা বসার ব্যবস্থা নিয়ে জাতীয় সংসদে এর আগেও আলোচনা হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য উপযুক্ত বসার স্থান নিশ্চিত করার দাবি উত্থাপন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান।

এর ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকার উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য বসার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে। ওই ঘোষণার পর বিষয়টি নিয়ে সংসদ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

একই দিনে সংসদ সদস্যদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রসঙ্গে আলোচনার মধ্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছিলেন, করমুক্ত গাড়ির সুবিধার পরিবর্তে নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের জন্য কার্যকর অফিস বা দাফতরিক অবকাঠামো গড়ে তোলাই বেশি প্রয়োজন।

বর্তমান বরাদ্দের মাধ্যমে উপজেলা পর্যায়ে সেই অবকাঠামো তৈরির প্রক্রিয়া আরও এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব পরিদর্শন কক্ষ নির্মাণের ফলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে সরকারি কার্যক্রম বাস্তবায়ন আরও গতিশীল হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD