সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) সকালে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর দিনের মূল কর্মসূচি মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা গেছে, সিলেটে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তিনি ঢাকা থেকে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে মৌলভীবাজারে যাচ্ছেন। তবে পথে সিলেট মহানগর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
দিনের কর্মসূচি শেষে তিনি সড়কপথে সিলেটে ফিরে রাত সাড়ে ৮টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। বুধবারের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় সিলেট সফর। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।








