Logo

জনগণের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৭ জুন, ২০২৬, ১৫:৪৮
জনগণের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জনগণের টাকা জনগণের কাজেই ব্যবহার করা হবে এবং তা বিদেশে পাচার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, আগে একটি দল জনগণের টাকা জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছে। ভবিষ্যতে এ ধরনের অর্থ পাচার কোনোভাবেই সহ্য করা হবে না। যারা জনগণের অর্থ বাইরে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশের উন্নয়নে নারী ও পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী না করতে পারলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানের জন্য স্কলারশিপ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে বাজেট দেওয়া হয়েছে, একটি দল সেটিকে জনবিরোধী বলছে। কিন্তু জনবান্ধব বাজেটকে যারা জনবিরোধী বলে আখ্যা দেয়, তারা কখনো জনগণের পক্ষের শক্তি হতে পারে না। জনগণকে বিভ্রান্ত করার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অতীতে মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের ঐক্য জরুরি। জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। বিএনপির প্রধান শক্তি জনগণ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD