Logo

বিদেশে চিকিৎসা নিচ্ছেন ৫০ জুলাই যোদ্ধা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ২০:২৪
বিদেশে চিকিৎসা নিচ্ছেন ৫০ জুলাই যোদ্ধা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়ে সরকারের চলমান কার্যক্রমের তথ্য তুলে ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, গুরুতর আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এ পর্যন্ত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো ১৫২ জনের মধ্যে ১০২ জন সুস্থ হয়ে দেশে ফিরেছেন, আর বর্তমানে ৫০ জন বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম জুলাই গণঅভ্যুত্থান ও দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ৩০ হাজার যোদ্ধার চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং মাসিক ভাতা বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

এর জবাবে মন্ত্রী বলেন, এসব বিষয়ে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

আহমেদ আযম খান জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেসব যোদ্ধার শারীরিক অবস্থা জটিল এবং উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গুরুতর আহতদের থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়াসহ বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ মিশন চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত বিদেশে পাঠানো ১৫২ জন আহত যোদ্ধার মধ্যে ১০২ জন চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরেছেন। বাকি ৫০ জন এখনও চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

পুনর্বাসন কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে একটি সমন্বিত ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। এতে মোট ৩ হাজার ২৪১ জন আগ্রহী ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে, যাতে তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়।

তিনি আরও বলেন, আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণ, পুনর্বাসন এবং কর্মসংস্থানমুখী কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো, যারা আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দীর্ঘমেয়াদে সহায়তা প্রদান করা।

বিজ্ঞাপন

মাসিক সম্মানী ভাতার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে বর্তমানে ১৩ হাজার ৩৪৪ জনকে নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে। এই ভাতা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা হচ্ছে।

তিনি জানান, শ্রেণিভেদে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ‘ক’ শ্রেণিভুক্ত যোদ্ধারা মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির সদস্যরা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির সদস্যরা ১০ হাজার টাকা করে পাচ্ছেন। যেসব গেজেটভুক্ত যোদ্ধা এখনও ভাতার আওতায় আসেননি, তাদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের চিকিৎসা, আর্থিক সহায়তা, পুনর্বাসন এবং কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এসব উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সরকারের এই কার্যক্রমকে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য একটি দীর্ঘমেয়াদি সহায়তা কাঠামো হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা ও কল্যাণমূলক কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD