Logo

ঢাকায় আরও ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ট্রাফিক ক্যামেরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন, ২০২৬, ১৪:৩৩
ঢাকায় আরও ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ট্রাফিক ক্যামেরা
ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

পরীক্ষামূলক পর্যায়ে ইতিবাচক ফল পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার ১২০টি গুরুত্বপূর্ণ মোড় ও ইন্টারসেকশনে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে ডিএমপির পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনও যুক্ত থাকবে।

সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক বৈঠকে এ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সেখানে প্রধান উপদেষ্টার দপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে ধাপে ধাপে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

সভা সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নে আলাদা কোনো বড় বাজেটের প্রয়োজন হবে না। পুলিশের নিজস্ব তহবিল থেকেই এ উদ্যোগ পরিচালনা করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়।

দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব সিগন্যাল বাতি তৈরি করে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি প্রয়োজনে ম্যানুয়ালি নিয়ন্ত্রণের সুযোগও রয়েছে।

বিজ্ঞাপন

এই প্রকল্পে অর্থায়ন করছে ঢাকার দুই সিটি করপোরেশন। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ, আর সমন্বয়ের কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

চলতি বছরের ৭ মে থেকে কিছু ট্রাফিক পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়। এআই ক্যামেরার মাধ্যমে সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি চালু হলে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, আইন লঙ্ঘন শনাক্ত এবং যান চলাচল ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD