‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এস এন নজরুল ইসলাম বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সময়ে মহররম মাস চলমান রয়েছে। এ দুটি বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
বিজ্ঞাপন
তিনি জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত রাজধানী বা দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা
বিজ্ঞাপন
তিনি আশা প্রকাশ করে বলেন, দিনটির বাকি সময়েও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং রাজধানীবাসী নিরাপদ পরিবেশে থাকবেন। এ লক্ষ্যে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।








